রক গানের অনুষ্ঠান নানা ভাবে বহন করে সমাজ সংক্রান্ত বার্তা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘ফসিল্‌স’-এর তিন ঘণ্টার অনুষ্ঠানও ব্যতিক্রম রইল না।

প্রতিবাদ হবে গানে। প্রতিরোধ সুরে। বিষয়টি নতুন নয়। তবে সময়ে সময়ে তার গুরুত্ব এক এক রকম হয়। সমসময় গানে উঠে এলে ঠিক যেমন হওয়ার কথা! রক গান সে কাজ করেছে দেশ-বিদেশে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায়, বাংলাতেও তা করে চলেছে।

সময়টা অন্য রকম। একে রাজনৈতিক পালাবদল রাজ্যে। তার উপর আবার যুদ্ধ দিকে দিকে। সঙ্গে বৃহত এই দেশে ‘ফরফরানি’-র অন্ত নেই। সাম্প্রতি এক মঞ্চে ‘আরশোলার ফরফরানি’ থেকে ‘পচা ডিম’-এর গন্ধ সবই উঠে এল গানের ফাঁকে ফাঁকে। যুদ্ধ-জর্জরিত সময়ে বার্তা গেল, জয় করার জন্য ভালবাসার চেয়ে আর বড় কিছুই হয় না।

সময়টা ভালমন্দ যেমনই হোক, শিল্প তা তুলে ধরে। সে প্রত্যাশা বহু জনেই করে থাকেন। নানা সময়েই দেখা গিয়েছে রক সঙ্গীত সে দায়িত্ব আরও বেশি করে পালন করে। বিদেশের ‘দ্য বিটল্‌স’, ‘দ্য রোলিং স্টোনস্‌’, ‘পিঙ্ক ফ্লয়েড’ হোক, কিংবা বাংলার ‘মহীনের ঘোড়াগুলি’— রক গানের অনুষ্ঠান নানা ভাবে বহন করে সমাজ সংক্রান্ত বার্তা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘ফসিল্‌স’-এর তিন ঘণ্টার অনুষ্ঠানও ব্যতিক্রম রইল না।

বাংলায় রক সঙ্গীত তৈরির জন্য খ্যাত রূপম ইসলামের কণ্ঠে কখনও যেমন রইল তাঁদের বহু পরিচিত ‘হাসনুহানা’, তেমনই আবার শোনা গেল সাম্প্রতিকতম অ্যালবামের ‘শুনেছি’। তবে ভালবাসার গান হোক বা বিপ্লবের, প্রেক্ষিত বদলের সঙ্গে নতুন করে তৈরি হয় গানের মানে। এই ব্যান্ড নানা সময়ে তা বুঝিয়ে এসেছে। রবিবারের অনুষ্ঠানে সেখানেই বার বার ফিরে এল কখনও রাজনীতি, কখনও সমাজ নিয়ে এই রক-ব্যান্ডের বহু বার্তা।

প্রায় প্রতিটি গানের আগে মঞ্চ থেকেই যেন স্বভাবজাত কঠিন বার্তা দিয়ে চলেন রূপম। বাদ্যযন্ত্রে সঙ্গ দিলেন দলের বাকি সদস্যেরা। রূপম মজার ছলে নিজের গানের সঙ্গে করা পারফরম্যান্সে তুলনা টানলেন ‘আরশোলার নৃত্য’-এর। এ সময়ে এ দেশে যা কিছু আলোচ্য, তার অনেক কিছুরই ইঙ্গিত ধরা রইল কথায় কথায়।

সম্প্রতি তাঁদের দলের অ্যালবাম ‘ফসিল্‌স ৭’ মুক্তি পেয়েছে। তার পর থেকেই চর্চায় রয়েছে সেটি। তার সাফল্য উদ্‌যাপনে মেতেছিল ইন্ডাস্ট্রি। তার পর এমন এক অনুষ্ঠান সেই দলের। সাধারণ দর্শকের ভিড়ে মিশে গেলেন অভিনেতা-অভিনেত্রীরাও। চেয়ার ছেড়ে উঠে কখনও রূপমের ‘ডিলিট করছি তোমার এসএমএস’ এর সঙ্গে গলা মেলালেন উষশী, বিবৃতিরা। দেখা গেল, সাহেব-সুস্মিতাকেও। কখনও আবার ‘হাসনুহানা’ গানে রূপমের কায়দায় মাথা ঝাঁকালেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। সব মিলিয়ে বৃষ্টিভেজা সন্ধ্যায় ‘ফসিল্‌স’-এর ভক্তেরা আরও এক বার ফিরে গেলেন রক-উদ্‌যাপনের অভ্যাসে। আর শহর দেখল, চারপাশ-সমকাল-সমাজ কী ভাবে ধরা থাকে রক গানের ছন্দ-কথায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *